ঋতুরাজ আসার আগেই থেমে গেল কুহুতান
(স্মরণে ভারতরত্ন লতা মঙ্গেশকর)
দেবাশিস পাল : 'এ মেরে বতন কে লোগো....' গানটা শুনে চোখের কোনাটা সিক্ত হয়ে ওঠে না এমন লোকের সংখ্যা খুব কমই আছে। ১৯৬৩ সালে প্রজাতন্ত্র দিবসের ঠিক পরেরদিন দিল্লির রামলীলা ময়দানে লতা মঙ্গেশকরের কণ্ঠে এই গান শুনে চোখের জল চেপে রাখতে পারেননি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ। ২০১৪ সালে এইরকম সময়কালেই আমরা গানটির ৫০ বছর পূর্তি পালন করেছিলাম, শ্রদ্ধা নিবেদন করেছিলাম দেশমাতৃকা ও গানটির গায়িকা সুরসম্রাজ্ঞীর প্রতি।আজ আট বছর পর সেই বাগদেবীর আরাধনার সময়কালেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন সুরের এই দেবী। 'মানুষ মরণশীল' চিরন্তন সত্য বাক্য,তাই সকলকেই চলে যেতে হবে একথা যেমন ঠিক, তেমনি কিছু মানুষের চলে যাওয়াটা এমন এক শূন্যতার সৃষ্টি করে যা পূরণ হওয়াটা আর কখনোই সম্ভব নয়।লতাজী তেমনি এক শূন্যতার সৃষ্টি করে করে পাড়ি দিলেন অমৃতলোকে।
রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দের সম্পর্কে বলেছেন, "যদি ভারতকে জানতে চাও, তবে বিবেকানন্দকে জানো।' একইরকম ভাবে বলতে হয়, ভারতীয় সংগীতের সুর মাধুরী আস্বাদন করতে হলে, লতাজীর কণ্ঠের গান শুনতে হবে।সহস্রাধিক ভারতীয় ছবিতে, ভারতের ছত্রিশটি আঞ্চলিক ভাষা সহ বহু বিদেশী ভাষায় গান গেয়ে রেকর্ড স্থাপন করা এহেন মহান মহীয়সী নারীর তথাকথিত পুরস্কারের তালিকাটা বেশ লম্বা হলেও,শিল্পী হিসেবে সমগ্র ভারত উপমহাদেশের হৃদয়ে অবস্থান করতে পারাটাই যেন তাঁর জীবনের সব থেকে বড়ো প্রাপ্তি। সমগ্র ভারতবাসী যেন তাঁকে দেবীর আসনে বসিয়েছে।আর তাই এই ‘ভারতরত্ন’ ভারতকন্যার প্রয়াণে যেন আচমকাই থমকে গিয়েছে গোটা দেশ। সমগ্র ভারত উপমহাদেশের আপামর জনসাধারণ যেন অনুভব করছে স্বজন হারানোর বেদনা।
-------------------------------------------
Debashis Pal, Editor, Matir Khabor
#Editorial_matir_khabor
Comments
Post a Comment