মায়ের মৃত্যুদিবস
আদিবাসী দিবস/লাল মাটির সরানে
আদিবাসী দিবসের মঞ্চে
সুরের তুফান তুলে যখন
গান শুরু হয়েছে
লাল মাটির সরানে...
ঠিক তখনি কোন এক
লাল মাটির সরানে
ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে
গোটা নয়েক লাশ,
না ঠিক লাশ নয়,
কয়েকটা কালো মানুষের
লাল রক্ত-মাংসের মণ্ড,
যাদেরকে হেঁচড়ে, থেঁতলে
মাংসপিণ্ডে পরিণত করেছে
আমাদের সভ্য সমাজ।
শরীর ছিন্ন বিচ্ছিন্ন
পাকস্থলী উন্মুক্ত
তবুও সেখান থেকে বের হয়নি
একটা পান্তা ভাতের কণা।
সারাদিনের কাজ শেষে
অভুক্ত হাপন,হোপেন
আর বাসন্তী সোরেনরা
টাকা কটা কোঁচড়ে গুঁজে
ফিরছিল দোকানে চাল কিনে
বাড়ি ফিরবে বলে!!
একরত্তি ছেলেটার
মুখ দেখবে বলে।
না ওদের কেউ ডাকেনি
আদিবাসী দিবসের মঞ্চে
অভিনয়ের জন্য।
শুধু সারা বিশ্ব দেখলো
দুমড়ে মুচড়ে পড়ে আছে
আদিবাসী দিবসের
মূল উপাদান গুলো,
আর মঞ্চ তখন!
গালভরা কথায়,কবিতায়,গানে
উঠছে ভরে।
একদিকে মুহুর্মুহু করতালি,
অন্যদিকে স্বজন হারানোর
নিদারুণ যন্ত্রণা,
সাত মাসের কচি ছেলেটা
কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে,
হয়তো বড় হয়ে সেও একদিন
দিনটার কথা জানবে,
বুঝবে গুরুত্ব।
তবে সেদিনও তার কাছে
আদিবাসী দিবস নয়,
দিনটা হবে
মায়ের মৃত্যুদিবস।
Comments
Post a Comment