নক্ষত্র লোকে পাড়ি দিলেন 'এক টাকার ডাক্তার'
দেবাশিস পাল, বোলপুর :প্রায় ছয় দশক ধরে বীরভূমের অন্যতম প্রাণকেন্দ্র তথা কবিগুরুর সাধের সাধনক্ষেত্রে নিরলসভাবে এক অন্য ধরনের সাধনা শেষে চলে গেলেন পদ্মশ্রী ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়, মানুষের মনের মণিকোঠায় ঠাঁই করে নেওয়া এক টাকার ডাক্তার।
বীরভূম হারালো তার অন্যতম সন্তানকে।
বাউল ভূমি রাঙামাটির খ্যাতনামা চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ্যোপাধ্যায়,বিদেশের শিক্ষা শেষে দেশ-বিদেশের লোভনীয় চাকরি প্রত্যাখ্যান করে মাতৃভূমি বোলপুরে মাত্র এক টাকা ভিজিট নিয়ে সারাজীবন ধরে গণদেবতার চিকিৎসা করে গেলেন নিষ্ঠার সঙ্গে। বোলপুরের হরগৌরীতলায় নিজস্ব চেম্বারে প্রায় প্রতিটি দিন নিয়ম করে চালিয়ে গেছেন এই মহৎ কাজ। এমনকি করোনা কালেও চালিয়ে গেছেন সেবাকার্য।দীর্ঘ দিনের এই সেবার ফলস্বরূপ নাম উঠেছে 'গিনেস বুক অব ওয়ার্ল্ড'এ।রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এই মহান চিকিৎসক তথা বীরভূমের এক টাকার ডাক্তারের হাতে তুলে দিয়েছেন পদ্মশ্রী পুরস্কার। অত্যন্ত জনপ্রিয় এই মানুষটি একসময় বাংলার রাজনৈতিক ক্ষেত্রেও বেশ পরিচিত ছিলেন। ১৯৮৪ সালে বিধায়ক হিসেবে নির্বাচিতও হয়েছিলেন প্রাণের শহর বোলপুর থেকেই।তবে শেষের বছরগুলোতে রাজনীতি থেকে বেশ কিছুটা দূরে থাকলেও সেবা-সামাজিক কাজে কখনোই বিরত থাকেন নি। দীর্ঘদিন দিন ধরে ছিলেন বিশ্বভারতীর পরিচালন সমিতির সদস্য।
সম্প্রতি বার্ধক্যজনিত কারণে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন ৷ভর্তিও ছিলেন কোলকাতার এক বেসরকারি হাসপাতালে। সেখানেই মঙ্গলবার প্রয়াত হলেন তিনি৷ তাঁর এই প্রয়াণ বীরভূম তথা বাংলার যে অপূরণীয় ক্ষতি তা আর বলার অপেক্ষা রাখে না,তবে তাঁর এই সেবার কথা মানুষ মনে রাখবে যুগ যুগ ধরে,হয়তো এই এক টাকার ডাক্তারের জীবন দর্শন অনুপ্রানিত করবে আগামী দিনের ডাক্তারদের। মহান ডাক্তারকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানিয়ে, আগামীর এক টাকার ডাক্তারদের অভ্যর্থনা জানাতে অপেক্ষায় রইলাম। ------------------------------------------
Debashis Pal, Editor,Matir khabor
Comments
Post a Comment