এই বাংলার মাটিতে....আবার জন্ম তুমি নিও....
সম্পাদকীয় প্রতিবেদন, মাটির খবর:সারা জগৎকে ঘুমপাড়ানি গান শুনিয়ে আর ঝিনুকের ভিতর মুক্তা খোঁজার প্রেরণা জুগিয়ে,এবার তিনি পাড়ি দিলেন তারাদের গান শোনাতে,তারাদের দেশে, তবে যাওয়ার সময় যেন বারবার বলে গেলেন,'আবার আমি আসবো ফিরে।' আর আমরাও চাই তার সেই আকুতি,'এই বাংলার বুকে মাগো জন্ম আমায় দিও' যা গান হয়ে ঝরে পড়েছে এতদিন,তা যেন পূর্ণ হয়।তাইতো সমগ্র বাংলাও আজ কিংবদন্তি গায়িকা নির্মলা মিশ্রের উদ্দেশ্যে যেন বলছে 'এই বাংলার মাটিতে,মাগো জন্ম তুমি নিও!!!
স্বাধীনতার বছর কয়েক আগে শারদীয়া বন্দনার মূহুর্তে জন্ম নেওয়া নির্মলা মিশ্রের বেড়ে ওঠাটা সংগীত মূখর পরিবেশের মধ্যেই। পরবর্তীতে গায়ক ও গীতিকার প্রদীপ দাশগুপ্তের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ায় কখনো ভাঁটা পড়েনি সংগীত সাধনায়।ষাটের দশকের প্রথমদিকেই পুরোপুরি সংগীত জগতে চলচ্চিত্রে নেপথ্য শিল্পী হিসেবে পদার্পণ,তারপর একের পর এক কালজয়ী সিনেমার গানে মনোমুগ্ধকর কণ্ঠ মোহিত করেছে বঙ্গবাসীদের।লাল রং বোধহয় ভীষণ ভাবেই পছন্দ করতেন তাইতো লাল টিপ,গাঢ় লাল লিপস্টিক এমনকি চশমার ফ্রেমেও থাকতো লালের ছোঁয়া। আবেগ ও রাগের মিশ্রনে শিশুসুলভ আচরণের অধিকারিণী হয়ে মায়ের মতোই পুত্র-কন্যাসম সকলের জন্য উজাড় করে দিতেন মাতৃস্নেহ।
নির্মলা মিশ্রের জীবনের চাওয়া পাওয়া সবকিছু সংগীতকে কেন্দ্র করেই,কণ্ঠে বাগদেবীর আবস্থান,প্রায় ছয় দশক ধরে বঙ্গবাসী তার কণ্ঠের জাদুতে মুগ্ধ , তবুও সুরের সেই দেবী শেষ জীবনে কথা বলতে পারতেন না, এ বড়ো বেদনার পরিচিত জনেরা দেখা করতে গেলে কেঁদে ভাসাতেন তিনি। এহেন মধুকণ্ঠী গানের তোতাপাখি নির্মলা মিশ্র প্রয়াত হলেন ৮১ বছর বয়সে। শনিবার মধ্যরাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কোলকাতার চেতলায় নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
একে একে স্বর্ণযুগের তারারা বিদায় নিচ্ছেন,শুধু রেখে যাচ্ছেন তাদের সৃষ্টিকে, সুমধূর কণ্ঠের মাধ্যমে সারাজীবন ধরে প্রকৃতি পরিবেশ থেকে নক্ষত্রলোকের বন্দনা করে যাওয়ার পর যেন বিশ্রামের প্রয়োজনে ফিরে যাচ্ছেন তারা।আর আমরা ও আমাদের আগামী প্রজন্ম নির্মলা মিশ্রের মতো বিরল শিল্পীদের সংগীতের মধ্য দিয়েই যেন প্রকৃতি পরিবেশকে চিনবো।
-----------------------------------------
Debashis Pal, Editor,Matir khabor
Comments
Post a Comment