সেঁজুতি ব্রত


নানুর: বাংলার অসংখ্য কুমারী ব্রতের মধ্যে, কয়েকটি মাত্র ব্রত, আজও বিভিন্ন স্থানে কোন রকমে টিকে আছে, তার মধ্যে অন্যতম হলো সেঁজুতি ব্রত ।মূলত ছয় থেকে এগারো বছর বয়সী কুমারী মেয়েরা এই ব্রত পালন করে থাকে পিতৃকুল ও শ্বশুরকূলের মঙ্গল কামনার জন্য। ব্রত পালনের জন্য সমস্ত ব্যাপারটা গাইড করেন বয়স্কা কোনো মহিলা,এর জন্য কোন পুরোহিতের প্রয়োজন হয় না।বাড়ির উঠানে হরি মণ্ডপের সামনে মুঠ-সংক্রান্তির দিন সন্ধ্যা বেলা থেকে শুরু করে,এক সময় প্রতিদিনই পালন করা হতো, শেষ হত ইতু-সংক্রান্তির দিনে।পরে শুরু হয় প্রতি রবিবার পালন করা।তবে এখন আবার আর‌ও ছোট করে দুই সংক্রান্তি ও নবান্নের দিন এই তিনটি দিন ব্রত পালন করা হচ্ছে।
      কলসি, চাল গুঁড়ো,দূর্বা,জলঘট,প্রদীপ প্রভৃতি নিয়ে- শিব মূর্তি, গাছ, বাসগৃহ, গহনা,ইত্যাদির প্রতীক হিসেবে বাহান্ন ধরনের রেখাচিত্র অঙ্কন করতে হয়। প্রথমে প্রদীপ জ্বালিয়ে বলা হয়--
       সা‍ঁজন পুজন সেঁজুতি!
       ষোল ঘরে  ষোল ব্রতী।।
       তার এক ঘরে আমি ব্রতী,
       ব্রতী হয়ে মগি বর।
       ধনে পুত্রে বারুক বাপ-মার ঘর।।
       
   তারপর মন্ত্র উচ্চারণ করে, প্রত্যেকটি চিত্রের উপর দূর্বা দিয়ে মনস্কামনা পূরণের জন্য প্রার্থনা করতে হয়‌। শেষের দিকে সংসারের অমঙ্গলের প্রতীক হিসেবে ডোমনা ডোমনীকে অপরাজীতার ফল দিয়ে কাটা হয়। পরে শরের ফুলে আগুন দিয়ে মন্ত্রোচ্চারণ করা হয়--
      শর শর  শর।
      আমার ভাই গায়ের বর।।
       বর বর ডাক  পড়ে।
       গুয়ো গাছো গুয়ো ধরে।।
       আমার ভাই চিবিয়ে ফেলে।
        অন্যের ভাই কুড়িয়ে গেলে।।
     
এরপর আস্তে আস্তে সব কিছু পরিষ্কার করে নেওয়া হয় এবং প্রণাম করে বলা হয়--
      সেজুঁতি, সেজুঁতি করি নতি।
      আমার হোক ধর্মে মতি।।
শেষে ফুল দূর্বা প্রভৃতি ঝুড়িতে ভরে নিয়ে গিয়ে বিসর্জন করা হয়।
     
     এইভাবে তিন বছর পর চতুর্থ বছরে উদযাপন বা ব্রত শেষ করা হয়,যাকে আঞ্চলিক ভাষায় বলা 'উজিয়ে দেওয়া'। শেষের বছরে তিনজন ব্রাহ্মণকে কাপড়, চাদর ইত্যাদি সহ দক্ষিণা দান করতে হয়।ঐবছরে  ভাই ছাতা ধরে, ব্রতপালন-কারিনী মুড়ির নাড়ু ছাতার উপরে বর্ষণ করে।এর অন্যতম উদ্দেশ্য ভাইয়ের মঙ্গল কামনা করা। এইভাবে শেষ হয় এই ব্রত। একসময় পুন্যিপুকুর ব্রত,দশপুতুল ব্রত এইরকম অনেক ব্রত পালন করা হতো, কিন্তু এখন সেঁজুতি ব্রতটাই কোনরকমে টিকে আছে।হয়তো এটাও একদিন শেষ হয়ে যাবে।

Comments

Popular Posts